বাংলাদেশ কার্টুন উৎসব শুরু
পেশাদার ও অপেশাদার কার্টুনিস্টদের কার্টুন নিয়ে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে বাংলাদেশ কার্টুন উৎসব ২০১৪। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে সকালে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয় তিন দিনের এই উৎসব। উৎসবে প্রায় ১০০টি কার্টুন ক্যারিকেচার ও ইলাস্ট্রেশন স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, কার্টুন যে বাংলাদেশে ইতিমধ্যে একটি দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে গেছে, তা আবারও প্রমাণিত হলো উৎসবে। আলোচনা শেষে তরুণ কার্টুনিস্ট ফরিদুর রহমানের হাতে ‘কার্টুনিস্ট শান্ত স্মৃতি পদক (তরিকুল ইসলাম শান্ত)’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্টুনিস্ট শাহরিয়ার খান ও আয়োজক সংস্থার সাবেক সভাপতি মেহেদি হক, সিম্পোজিয়াম ম্যাগাজিনের সম্পাদক সৈয়দা ইফফাত হোসেন ও আয়োজক সংস্থার সভাপতি সাদাত উদ্দিন আহমেদ। প্রদর্শনী প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।