বাংলাদেশ কৃষক সমিতির সম্মেলন ফরিদপুরে আজ
বাংলাদেশ কৃষক সমিতির দ্বাদশ সম্মেলন আজ বৃহস্পতিবার ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে শুরু হচ্ছে।
প্রবীণ কৃষক নেতা আবদুল মালিক বেলা দুইটায় জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন।
আগামীকাল শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনে কবি জসীমউদ্দীন হলে ৪৫০ জন কাউন্সিলর পরবর্তী চার বছরের জন্য সমিতির ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি নির্বাচন করবেন।
এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতিমণ্ডলীর সদস্য আবিদ হোসেন। সূচনা বক্তৃতা করেন সিপিবির কেন্দ্রীয় নেতা রফিকুজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি চার বছর পর সমিতির সম্মেলন হয়। এ বছর এ সম্মেলন দেশের ৬৪টি জেলার ১২ হাজার থেকে ১৫ হাজার কৃষক প্রতিনিধি যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া ভারত ও নেপালের কৃষক সমিতির প্রতিনিধিরাও অংশ নেবেন।
সম্মেলনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী জানান, স্বাধীনতার পর ৪২ বছরেও কৃষকদের সমস্যার সমাধান, উন্নয়ন ও আর্থিক স্বার্থ সংরক্ষণে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি।