কৃষি ক্ষেত্রে প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ার অন্য দুটি দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে। এই উন্নতির পেছনে প্রাতিষ্ঠানিক উন্নয়নের পাশাপাশি সহায়ক নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।গতকাল মঙ্গলবার ‘ভারত, পাকিস্তান ও বাংলাদেশে কৃষি খাতে দীর্ঘমেয়াদি (১৯০১-০২ থেকে ২০০১-০২) প্রবৃদ্ধি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে জাপানের হিতোসুবাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকাশি কুরোসাকি এ তথ্য দেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এ সেমিনারের আয়োজন করে।তাকাশি কুরোসাকি বলেন, ভূমি সংস্কার, কৃষিতে উন্নত প্রযুক্তি চালু, কৃষকদের বাজারে প্রবেশের সুযোগ তৈরি এবং কৃষিপণ্যের অধিক মূল্য সংযোজন করলে বাংলাদেশের কৃষির উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।বাংলাদেশের তুলনামূলক উন্নতির বিষয়ে কুরোসাকি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ কৃষিকে বেশি মাত্রায় বাণিজ্যিকীকরণ করতে পেরেছে। এ সময়ে ভারত ও পাকিস্তান বাণিজ্যিকীকরণে পিছিয়ে ছিল। স্বাধীনতার আগে কৃষি মজুরি ও জমি ব্যবহারে বৈষম্য, অনুন্নত সেচ প্রযুক্তি এবং ফসল উৎপাদনে উন্নত জাতের প্রচলন না থাকায় বাংলাদেশের কৃষি ক্ষেত্রে প্রবৃদ্ধি তেমন হয়নি।উদাহরণ হিসেবে কুরোসাকি বলেন, ১৯০১-০২ থেকে ১৯৪৭-৪৮ অর্থবছর পর্যন্ত বাংলাদেশে একরপ্রতি ফলন দশমিক ১৮ শতাংশ হারে কমে আসছিল। দেশ বিভাজনের পর থেকে ২০০১-০২ সাল পর্যন্ত উৎপাদন ২ দশমিক ০২ শতাংশ হারে বেড়েছে।ইকোনমিক রিসার্স গ্রুপের গবেষণা পরিচালক সাজ্জাদ জহির বলেন, শুধু দেশ বিভাগের কারণে কৃষিতে প্রবৃদ্ধি বেড়েছে, এভাবে সরাসরি বলা খুব মুশকিল। কেননা ষাটের দশক থেকে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীজুড়েই সবুজ বিপ্লব চলছিল। ফলে স্বাভাবিকভাবেই কৃষির উন্নয়ন হতে পারে। তিনি আরও বলেন, পাকিস্তানের শোষণ কৃষিকে বাধাগ্রস্ত করেছে, এটা গবেষণায় আসেনি।বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কামাল মুজেরি বলেন, স্বাধীনতার পর কৃষি ক্ষেত্রে প্রবৃদ্ধি বাড়লেও দারিদ্র্যবিমোচন ও খাদ্যনিরাপত্তার জন্য অকৃষি খাতের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। কেননা অকৃষি খাতের ওপর জোর দিলে প্রবৃদ্ধি দ্রুত বাড়ানো সম্ভব, যা কৃষি খাতে দ্রুততার সঙ্গে বাড়ানো কঠিন।বিআইডিএসের পরিচালক (গবেষণা) জায়েদ বখত বলেন, ১৯৪৭ সাল পর্যন্ত পাকিস্তানে চাষের জমির পরিমাণ বাড়ে। অন্যদিকে বাংলাদেশের ভূমির উৎপাদনক্ষমতা বেড়েছে ১ দশমিক ৮৫ শতাংশ, আর ভারতের বেড়েছে ২ দশমিক ১৫ শতাংশ। তবে বাংলাদেশে ভূমির বহুমুখী ব্যবহারও বেড়েছে।মোস্তফা কামাল মুজেরির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের গবেষকেরা।