বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সশস্ত্র মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার সম্মান (প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা শেষে পুলিশের সামনে ছাত্রলীগ সশস্ত্র মিছিল করেছে। তবে ছাত্রদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বিভিন্ন অনুষদ ভবন ও ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন উপাচার্য মো. রফিকুল হক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল ৭৫ ভাগ। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কামাল-রঞ্জিত বিপণিবিতানের সামনে গেলে কিছু সশস্ত্র ছাত্রলীগ কর্মী মিছিলে অংশ নেন। এ সময় পুলিশের সামনে দিয়ে সশস্ত্র মিছিলটি গেলে পুলিশ নীরব থাকে। একই সময়ে ছাত্রদল নিজেদের আধিপত্য দেখাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন বিপণিবিতানের দিকে এলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধলে ছাত্রদলের কর্মীরা পাঁচটি ককটেল বিস্ফোরণ করে। এ সময় কাঁদানে গ্যাসের দুটি শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ‘ছাত্রলীগকে মিছিলের সময় আমরা সশস্ত্র অবস্থায় দেখিনি।’