বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তিন দফা দাবিতে শিক্ষক সমিতির আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সহকারী প্রক্টর লাঞ্ছিত হওয়ার ঘটনায় গত মঙ্গলবারের শিক্ষক ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে নতুন করে তিন দফা দাবি বাস্তবায়নে প্রশাসনকে চার দিনের আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ বুধবার ময়মনসিংহের ২১ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সহকারী প্রক্টর অধ্যাপক মো. আলমগীর হোসেন, কর্মচারী-পুলিশ ও কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টানা সাত দিনের মতো বিভিন্ন আন্দোলন করে আসছেন শিক্ষক সমিতির সদস্যরা। এর পরও শিক্ষকদের দাবিসমূহ বাস্তবায়িত না হওয়ায় গতকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও জীবাণুবিদ্যা বিভাগের গ্যালারিতে শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় উত্থাপিত তিন দফা দাবি হলো: বিশ্ববিদ্যালয়ের বর্তমান কামাল রঞ্জিত (কে-আর) মার্কেটকে অন্য স্থানে স্থানান্তর করা, বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার ভবনসমূহে যে সাবলেট বাসা ভাড়া দেওয়া হয়, তা বন্ধ করা এবং তদন্ত প্রতিবেদনে যদি কেউ দোষী প্রমাণিত হন, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা। দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনকে চার দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।