বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৮ আগস্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৬১ সালের ১৮ আগস্ট ময়মনসিংহের এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।‘খাদ্যেই শক্তি, কৃষিতেই মুক্তি’ এ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ১০টায় বের করা হবে আনন্দ শোভাযাত্রা।বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য মিলনায়তনে বেলা ১১টায় শুরু হবে মেমোরিয়াল ট্রাস্ট মেধা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। উপাচার্য মো. রফিকুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে ১২০৩ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।ভেটেরিনারি ও কৃষি অনুষদ নিয়ে ১৯৬১ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর ক্রমান্বয়ে পশুপালন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান, কৃষি প্রকৌশল ও কারিগরি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষা কার্যক্রম চালু হয়। বর্তমানে ছয়টি অনুষদের আওতায় ৪৩ বিভাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিমেস্টার পদ্ধতিতে শিক্ষাদান করা হয়। ৪২টি শিক্ষা বিভাগে তিন সিমেস্টার মেয়াদে এমএস ডিগ্রি কার্যক্রম চালু রয়েছে এবং ৪০টি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে। উপাচার্য মো. রফিকুল হক বলেন, দেশের ১৬ কোটি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিতে এ বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।