বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৫০ বছরে পা রাখল
দারিদ্র্য দূরীকরণের অঙ্গীকার ও খাদ্যের নিরাপত্তা অর্জনের প্রত্যয় ও ‘খাদ্যেই শক্তি, কৃষিতেই মুক্তি’ স্লোগান নিয়ে আজ ১৮ আগস্ট সুবর্ণজয়ন্তীতে পা দিচ্ছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।১৯৫৯ সালে জাতীয় শিক্ষা কমিশন এবং খাদ্য ও কৃষি কমিশনের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৬১ সালের ১৮ আগস্ট। প্রতিষ্ঠার পর থেকে এ বিশ্ববিদ্যালয় ৩৫ হাজার ৯৪১ জন দক্ষ কৃষিবিদ তৈরি করেছে। এখন পর্যন্ত ৩৪১ জন ছাত্রছাত্রী পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। ৯৭০টি গবেষণা প্রকল্পের কাজ হয়েছে এবং বর্তমানে চলমান প্রকল্প ১৭০টি।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান জানান, আজ বুধবার বেলা ১১টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দিবসটির কর্মসূচি। পরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন এবং সম্মুখ ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। পরে মৎস্য মাঠ গবেষণা কমপ্লেক্সে উদ্বোধন করা হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম মৎস্য জাদুঘর। প্রতিষ্ঠা দিবসের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সাংবাদিক সমিতির উদ্যোগে ফিচার প্রদর্শনী, বৃক্ষরোপণ, কৃষক সমাবেশ, মাছের পোনা উন্মুক্তকরণ ও গাছের চারা বিতরণ।উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল বলেন, সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে চাকরিমেলা, সমাবর্তন, অ্যালামনাই, কৃষিমেলা উল্লেখযোগ্য। তিনি আরও বলেন, গত ৪৯ বছরে এ বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদানে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আগামী বছরগুলোতে কৃষিশিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয় বিশ্বে সর্বোচ্চ শিখরে অবস্থান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।