বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখেন বিএনপিপন্থী সোনালি দলের শিক্ষকেরা।

এদিকে সেশনজটের আশঙ্কায় ক্লাস-পরীক্ষা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মিছিল-সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখতে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি এবং সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। এ ছাড়া গত সোমবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলমান নিয়োগপ্রক্রিয়া বন্ধ এবং বহিরাগত সন্ত্রাসী দ্বারা শিক্ষকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে গত রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করেন বিএনপিপন্থী শিক্ষকেরা।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিএনপিপন্থী শিক্ষকদের সঙ্গে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলামের হাতাহাতির ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই নেতা প্রাণনাশেরও হুমকি দিয়েছেন বলে অভিযোগ আনেন শিক্ষকেরা।

শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের কারণে সেশনজটের আশঙ্কায় গতকাল শিক্ষকদের ক্লাস-পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখতে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের সঞ্চারক ভাস্কর্য বিজয় ’৭১-এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম।

পরে বেলা সাড়ে তিনটায় আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা বিএনপিপন্থী শিক্ষকদের ক্লাস-পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে শিক্ষার্থীদের জিম্মি না করে সমস্যা সমাধানের অনুরোধ করেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে উপাচার্যের বাসভবনের সামনে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

এর আগে উপাচার্যের মুঠোফোনে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে জানান উপাচার্যের একান্ত সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বেলা একটার দিকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন উপাচার্য মো. রফিকুল হক।

উপাচার্য রফিকুল হক সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বিএনপিপন্থী শিক্ষকেরা। মূলত বিরোধী দলের হরতাল কর্মসূচি পালন করছেন ওই শিক্ষকেরা।

বিএনপিপন্থী শিক্ষকদের অবৈধ নিয়োগের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, সম্পূর্ণ বিধিবিধান অনুযায়ী নিয়োগপ্রক্রিয়া চলমান রয়েছে। উপাচার্য বলেন, আশা করি, ছাত্রদের দিকে তাকিয়ে সংকট নিরসনে আলোচনায় বসতে শিক্ষকেরা এগিয়ে আসবেন।