বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে খাদ্যনিরাপত্তা বিষয়ে স্নাতক কোর্স
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে খাদ্যনিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক কোর্স চালু হচ্ছে। ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে এই স্নাতক কোর্সে প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন কোর্স চালু হওয়া উপলক্ষে বাংলাদেশ খাদ্যনিরাপত্তা কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাহফুজুল হক বলেন, ‘আমাদের দেশে খাদ্য তৈরি ও প্রক্রিয়াজাতকরণের পরিমাণ দিন দিনই বাড়ছে। এই বাস্তবতায় প্রযুক্তিগতভাবে মানসম্পন্ন, পেশাদার ও যোগ্য ব্যক্তি আমাদের প্রয়োজন। এই নতুন কোর্সে মানসম্পন্ন স্নাতক প্রস্তুত হবেন, যাঁরা আনুষ্ঠানিকভাবে খাদ্য নিয়ন্ত্রণ খাতে অবদান রাখতে পারবেন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আকবর বলেন, এই নতুন কোর্সটি খাদ্যের মান ও এ-সংক্রান্ত বিধিমালা বাস্তবায়নে চৌকস জনশক্তি সরবরাহ করতে সহযোগিতা করবে। এতে করে সরকারের খাদ্যনিরাপত্তা-সংক্রান্ত সক্ষমতা বাড়বে।
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের কৃষি ও খাদ্যবিষয়ক সংস্থার (এফএও) প্রতিনিধি সু লোটজে বলেন, এ দেশে ভবিষ্যতে এই খাতে বিশেষজ্ঞ জনশক্তির চাহিদা বাড়বে। তাই খাদ্যনিরাপত্তায় বিশেষজ্ঞ হওয়ার বিষয়টি একটি চৌকস ক্যারিয়ারে পরিণত হবে বলে আশা করা যায়।
এই স্নাতক কোর্সটিতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা এফএওর অংশীদারত্ব রয়েছে। এ ছাড়া ডাবলিন ইনস্টিটিউট অব টেকনোলজি নতুন প্রজন্মের খাদ্যনিরাপত্তা-বিষয়ক বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেবে। এই স্নাতক কোর্সটিকে আরও উন্নত করতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউএসএআইডি আর্থিক সহায়তা দেবে।