বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট অবরুদ্ধ
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বিক্ষুব্ধ ছাত্রীরা গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে হল প্রভোস্টকে অবরুদ্ধ করে রাখেন। পরে ছাত্রীদের শান্ত করে প্রভোস্টকে মুক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।হল সূত্রে জানা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার ওই হলের অর্ধশতাধিক আবাসিক ছাত্রী খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হন। এখনো বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ রয়েছেন।এর আগে ওই হলের আবাসিক ছাত্রীরা ডাইনিংয়ে নিম্নমানের খাবার পরিবেশন, পচা-বাসি খাবার, ডাইনিংয়ের কর্মচারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ে হলের প্রভোস্ট, হাউস টিউটরকে কয়েকবার অবহিত করেন। এর পরও তাঁরা কোনো পদক্ষেপ নেননি। ফলে বিক্ষুব্ধ ছাত্রীরা বৃহস্পতিবার রাতে প্রভোস্ট এ কে এম শামসুদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, অন্যান্য হলের প্রভোস্ট ও জ্যেষ্ঠ অধ্যাপকেরা হলে গিয়ে বিক্ষুব্ধ ছাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করে ওই প্রভোস্টকে মুক্ত করেন।এ বিষয়ে শামসুদ্দিন বলেন, হলের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি উপাচার্য জানেন। ছাত্রীদের সমস্যা সমাধানের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।