বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলায় সহকারী প্রক্টরসহ আহত ৫০
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কামাল-রঞ্জিত (কে-আর) মার্কেটে গতকাল বুধবার রাতে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, পুলিশ, নিরাপত্তাকর্মী, শিক্ষার্থীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিনা অনুমতিতে বহিরাগত ব্যক্তিদের নিয়ে মার্কেটে একটি অনুষ্ঠান করাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কে-আর মার্কেটের দোকানে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন।আহত ব্যক্তিদের মধ্যে রনি নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. আলমগীর হোসেন ও একজন পুলিশ সদস্য একই হাসপাতালে চিকিৎসা নেন। অন্যরা বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টারসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষিপ্ত মিছিল চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কে-আর মার্কেটে গতকাল দোকানমালিক ও বহিরাগতরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে। বহিরাগতদের আগমনের খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই মার্কেটে যান। বহিরাগতদের সেখানে আগমনের কারণ জানতে চাইলে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই মার্কেটের অন্য ভুবন রেস্তোরাঁর মালিক জসিম ও তাঁর সঙ্গীরা প্রক্টররিয়াল বডির সদস্যদের গালিগালাজ করেন এবং তাঁদের ওপর হামলা চালান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মো. আলমগীর হোসেন, তাঁর গাড়িচালক কালাম, বাবুল, পুলিশ কনস্টেবল হান্নান, ফেরদৌস, শিক্ষার্থী পার্থ, সুমন, জনি, মঞ্জু, রনি, মাসুদসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের জব্বার মোড়ে এসে জমা হন। পরে উত্তেজিত শিক্ষার্থীরা কে-আর মার্কেটে গিয়ে অন্য ভুবন রেস্তোরাঁয় আগুন ধরিয়ে দেন। এ ছাড়া একটি কম্পিউটারের দোকানসহ কমপক্ষে ২০টি দোকানে তাঁরা ভাঙচুর চালান। এ সময় তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।