বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সপ্তম সমাবর্তন কাল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠেয় এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।
গতকাল রোববার থেকে সমাবর্তনের কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সমাবর্তনের গাউন ও টুপি পরে কৃষি অনুষদের করিডর থেকে একটি সমাবর্তন মিছিল নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে যান। সেখানে বেলা দেড়টা পর্যন্ত¯সমাবর্তন মহড়া অনুষ্ঠিত হয়।
সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ধর্মমন্ত্রী মতিউর রহমান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাবর্তনে স্নাতক পর্যায়ে সাতজন ও স্নাতকোত্তর পর্যায়ে ৮৬ জন শিক্ষার্থীকে ‘গোল্ড মেডেল’ প্রদান করা হবে। স্নাতক পর্যায়ে এক হাজার ৯১৯ জন, স্নাতকোত্তর পর্যায়ে দুই হাজার ৮৫১ জন এবং পিএইচডি ডিগ্রি অর্জনকারী ৩৮ শিক্ষার্থী এবারের সমাবর্তনে অংশ নিচ্ছেন।
সমাবর্তনকে সামনে রেখে ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনে আলোকসজ্জা করা হয়েছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও সমাবেশস্থলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল মোনায়েম খানের সভাপতিত্বে ১৯৬৮ সালে প্রথম, ১৯৭২ সালে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে দ্বিতীয়, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে তৃতীয়, ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চতুর্থ, ২০০৩ সালে ইয়াজউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে পঞ্চম এবং ২০১১ সালে মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়।