বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ২৩ ফেব্রুয়ারি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর আজ সোমবার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি এই সমাবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু দেশে অস্থিতিশীল অবস্থার কারণে রাষ্ট্রপতির সম্মতিক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বাতিল করে।
আজ দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।
শিক্ষা শাখা সূত্রে জানা যায়, এ বারের সমাবর্তনে স্নাতক পর্যায়ে ১ হাজার ৯১৯ জন, স্নাতকোত্তর পর্যায়ে ২ হাজার ৮৫১ এবং পিএইচডি অর্জনকারী ৩৮ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক আমিনুর রহমান চৌধুরী এবং শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ফারুখ আহম্মদ উপস্থিত ছিলেন।