বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপাচার্য আলী আকবর তাঁর বাসভবনে ফল ঘোষণা করেন। গত শনিবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে আসনসংখ্যা ১ হাজার ২০০। ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে ১ হাজার ২০০ জনের মেধাতালিকা এবং ১ হাজার ২০০ জনকে অপেক্ষমাণ তালিকায় রেখে এই ফল প্রকাশ করা হয়। যেখানে ১০০ নম্বরের লিখিত পরীক্ষার মেধাতালিকায় সর্বোচ্চ স্কোর ৮৯ এবং সর্বনিম্ন স্কোর ৬৪ দশমিক ২৫। মেধাতালিকায় ১ হাজার ২০০ জনের মধ্যে ছেলে ৬৬ ভাগ এবং মেয়ে ৩৪ ভাগ। ৮ থেকে ১৯ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd/) গিয়ে মেধা ও অপেক্ষমাণ তালিকাভুক্ত শিক্ষার্থীদের অনুষদভিত্তিক অপশন ও ভর্তির রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করতে হবে।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপস্থিত হয়ে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ৭ ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে। ১০ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের ক্যাম্পাসে গিয়ে রিপোর্ট করতে হবে। পরের দিন তাঁদের ভর্তি করানো হবে। এ ছাড়া ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।