বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত
খাওয়ার পানি পান করে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিনটি আবাসিক হলের আড়াই শতাধিক শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শাহজালাল, জামাল হোসেন ও নাজমুল আহসান হলের শিক্ষার্থীরা হঠাত্ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। অনুসন্ধানে জানা গেছে, এসব হলের আড়াই শতাধিক ছাত্র ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।শাহজালাল হলের ছাত্র মাসুদ, সোহাগ ও ইলিয়াস জানান, ৮ থেকে ১০ দিন আগে আবাসিক হলের পানি সরবরাহের পাইপলাইন ছিদ্র হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই ছিদ্র দিয়ে বাইরে থেকে দূষিত পানি পাইপে ঢুকেছে। এই দূষিত পানি পান ও ব্যবহার করার ফলে বিভিন্ন হলের শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। জামাল হোসেন হলের ছাত্র ফিরোজ, আবদুল্লাহ, মিজানসহ আরও কয়েকজন জানান, দুই-তিন দিন ধরে তাঁদের হলের ছাত্ররাও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। নাজমুল আহসান হলের কয়েকজন শিক্ষার্থী জানান, তাঁদের হলের অনেক ছাত্র ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে এখন পর্যন্ত যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহীন ইসলাম খান বলেন, ‘পুরোনো হয়ে যাওয়ায় পানির পাইপের ভেতর কিছু ময়লা জমেছিল। আজ (গতকাল সোমবার) কম্প্রেসার মেশিন দিয়ে পাইপলাইন পরিষ্কার করা হচ্ছে।’বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাসেবা কেন্দ্রের প্রধান চিকিত্সা কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, তিন-চার দিনে শতাধিক শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে চিকিত্সার জন্য এসেছেন। গুরুতর অনেকে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের চিকিত্সা দেওয়া হচ্ছে। পাশাপাশি সব শিক্ষার্থীকে বিশুদ্ধ খাবার ও পানি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।