বাংলাদেশ কেন্দ্রে থাকবে, সামরিক পদক্ষেপে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আবারও বলেছে, সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটের রিয়াদে প্রস্তাবিত কেন্দ্রের কাজে যোগ দেবে। তবে ৩৪টি মুসলিম দেশের ওই জোটের কোনো সামরিক পদক্ষেপে যুক্ত হবে না।
রিয়াদে গত বুধবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়েরের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। কূটনৈতিক সূত্রগুলো গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
ওই বৈঠকের পর গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কার্যকর সহযোগিতার মাধ্যমে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার করেছে বাংলাদেশ।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বরাত দিয়ে গতকাল সৌদি দৈনিক আরব নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, কার্যকর সহযোগিতার মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে লড়াইতে যুক্ত হওয়ার জোরালো অঙ্গীকার করেছেন মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রী গত মঙ্গলবার তিন দিনের সফরে সৌদি আরব গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আদেল আল-জুবায়েরের সঙ্গে তাঁর দপ্তরে মাহমুদ আলীর বৈঠকটি হয়েছে। আলোচনায় দুই দেশের সব বিষয়ের পাশাপাশি জাতিসংঘ ও ওআইসির মতো আন্তর্জাতিক সংস্থায় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এসেছে।
কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে বলেছে, সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী উদ্যোগ নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। এ সময় সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী এই উদ্যোগে দুটি ধাপ থাকবে। সমন্বিতভাবে সন্ত্রাসবাদ দমনের জন্য তথ্য আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ের গবেষণার জন্য রিয়াদে একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। আবার সামরিকভাবে সন্ত্রাসবাদ দমনের জন্য ৩৪ সদস্যের জোট কাজ করবে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনের জন্য কেন্দ্রে যোগ দেবে। তবে কোনো সামরিক পদক্ষেপে যুক্ত হবে না।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ গত ডিসেম্বরে সৌদি আরবের উদ্যোগে সন্ত্রাসবিরোধী ৩৪টি দেশের জোটে যোগ দিতে সম্মত হয়। সৌদি আরব এটিকে সামরিক জোট বললেও বাংলাদেশ প্রাথমিকভাবে সন্ত্রাসবাদ দমনে রিয়াদের প্রস্তাবিত কেন্দ্রের কাজে যোগ দেওয়ার কথা জানায়। বাংলাদেশ সব সময় জাতিসংঘ ছাড়া বিশ্বের কোথাও সামরিক কোনো উদ্যোগে যুক্ত না হওয়ার নীতিতে এখনো অটল আছে।
কূটনৈতিক সূত্র বলেছে, বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাহমুদ আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি বাদশাহর প্রতি শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, মার্চ থেকে মে মাসের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করতে পারেন। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ওই সফরকে স্বাগত জানিয়ে বলেন, বাদশাহ সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে পারলে যথেষ্ট খুশি হবেন। প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর সামনে রেখে দুই পররাষ্ট্রমন্ত্রী বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা ও কৃষি খাতে কয়েকটি চুক্তি চূড়ান্ত করতে রাজি হয়েছেন। এ ছাড়া ওই সফরের সময় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত আলোচনার জন্য একটি সমঝোতা স্মারক সই করতে তাঁরা রাজি হয়েছেন।
সম্প্রতি দুই দেশের যৌথ কমিশনের বৈঠকের প্রসঙ্গ টেনে মাহমুদ আলী বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন এবং দক্ষ শ্রমিক, বাংলাদেশের বিশ্বমানের তৈরি পোশাক ও ওষুধ সৌদি আরবে রপ্তানির সম্ভাবনার কথা বলেন। আদেল বিন জুবায়ের এ সময় অভিমত দেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সুযোগ সৌদি ব্যবসায়ীদের খতিয়ে দেখা উচিত। এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগ ও ওষুধশিল্পের সুবিধার বিষয়টি খতিয়ে দেখতে সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশ সফর করতে পারেন। এ ক্ষেত্রে ব্যবসা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ব্যবসায়ীদের ভিসা দেওয়ার জন্য ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তাদের পরামর্শ দিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে উপস্থিত তাঁর দেশের কর্মকর্তাদের নির্দেশ দেন।