বাংলাদেশ ক্রিকেট দলকে ক্যামেরনের অভিনন্দন
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত বুধবার বার্মিংহামে অনুষ্ঠিত ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্যামেরন এই অভিনন্দন জানান।
দেশ ফাউন্ডেশনের উদ্যোগে ওই অনুষ্ঠানে যুক্তরাজ্যের অর্থনীতি ও বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ২১টি বিভাগে ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসংগঠক মিলে মোট ২৮ জনকে স্বীকৃতি দেওয়া হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশের কাছে হেরে গেছে। তবে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে আমি অভিনন্দন জানাচ্ছি।’ বাংলাদেশিরা শুধু রেস্টুরেন্ট ব্যবসায় সীমাবদ্ধ না থেকে অন্যান্য খাতে বিচরণ করছে জেনে আনন্দিত ক্যামেরন বলেন, হয়তো বা একদিন বাংলাদেশিদের মধ্য থেকেই কেউ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন। এ ছাড়া যুক্তরাজ্যে পশু জবাই এবং হালাল মাংস নিয়ে চলমান বিতর্কে নিজের অবস্থান তুলে ধরে ক্যামেরন বলেন, তিনি হালাল মাংসের পক্ষে আছেন এবং যুক্তরাজ্যে হালাল মাংস থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লর্ড তারিক আহমদ, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবুল হান্নান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডের ফাউন্ডার মিসবাউর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি ও কৃষকদের উন্নয়নে অবদান রাখার জন্য শাইখ সিরাজকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।