বাংলাদেশ ক্রিকেট দলকে শেখ হাসিনা ও খালেদা জিয়ার অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলের অধিনায়কসহ সব খেলোয়াড়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও দেশের ক্রীড়ামোদী জনগণকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।গতকাল বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের মতো টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় দেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি মাইলফলক। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের ‘টেস্ট স্টেটাস’ অর্জনের কথা স্মরণ করেন। তিনি বলেন, ক্রিকেটে টাইগারদের এই সাফল্য বাংলাদেশকে একটি আধুনিক ডিজিটাল রাষ্ট্রে পরিণত করতে দেশের সর্বস্তরের জনগণকে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে অনুপ্রাণিত করবে। শেখ হাসিনা বলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয় প্রমাণ করেছে যে সরকারের পক্ষ থেকে যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা দেওয়া হলে বাংলাদেশ যেকোনো খেলায় সর্বোচ্চ পর্যায়ের নৈপুণ্য দেখাতে পারে।খালেদা জিয়ার অভিনন্দন: বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এ গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক বিজয় সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। তিনি বাংলাদেশের খেলোয়াড়দের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের টাইগাররা এ ধরনের সফলতা অর্জনে সক্ষম হবে।