বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী
বাংলাদেশ ক্ষতিকর শর্তযুক্ত কোনো সহায়তা চায় না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সব সময় অপর দেশ বা সংস্থার সহায়তাকে স্বাগত জানায়। তবে দেশের জন্য ক্ষতিকর এমন শর্তযুক্ত কোনো সহায়তা চায় না। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হিউরো গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় অপর দেশ বা সংস্থার সহায়তাকে স্বাগত জানাই। কিন্তু কখনো দেশের জন্য ক্ষতিকর শর্তযুক্ত কোনো সহায়তা গ্রহণ করব না।’ তিনি বলেন, পৃথিবীর প্রতিটি দেশের নিজস্ব উন্নয়ন দর্শন রয়েছে। সংস্কৃতি, প্রকৃতি, পরিবেশ, মনস্তত্ত্ব এবং ভৌগোলিক পরিবেশগত বৈশিষ্ট্যকে কেন্দ্র করে এই দর্শন গড়ে ওঠে।
বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বিগত কয়েক বছরে শিক্ষা ও স্থাস্থ্য খাতসহ নারীর ক্ষমতায়ন এবং ছয় ভাগেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে সরকারের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, শেখ হাসিনা সাফল্যের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
ফিলিপ লি হিউরো বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে সহায়তাদানে তাঁর সংস্থার আগ্রহের কথা ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশকে চলতি অর্থবছরে ২৮০ কোটি ডলার প্রদানের অঙ্গীকার এবং গত ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ১৭৩ কোটি ডলারের সহায়তা চুক্তি সম্পাদন করেছে।
বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ এবং এ ক্ষেত্রে সহায়তার আগ্রহও প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী দিন দিন আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশ, ভুটান ও ভারত এবং বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যকার দুটি জলবিদ্যুৎ প্রকল্পের কথাও বলেন।
শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতে নেওয়া বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের বাস্তবমুখী ও সময়োপযোগী পদক্ষেপের ফলে বিশ্বমন্দা সত্ত্বেও দেশের প্রবৃদ্ধি ৬ ভাগের ওপর রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ২০২১ সাল নাগাদ এই প্রবৃদ্ধি দুই অঙ্ক অতিক্রম করবে।