বাংলাদেশ কয়েক ধাপ পেছালেও লিঙ্গভিত্তিক বৈষম্য কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় কয়েক ধাপ পেছালেও লিঙ্গভিত্তিক বৈষম্য এক বছরে ২৫ শতাংশের বেশি দূর হয়েছে। মাতৃমৃত্যুর হার কমায় এ অগ্রগতি হয়েছে। এর সুবাদে সূচকের নিচের দিকে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ ওপরে—পঞ্চম স্থানে।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন-২০১১-তে এ তথ্য তুলে ধরা হয়েছে। ইউএনডিপি গতকাল বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সহযোগিতায় এ প্রতিবেদন প্রকাশ করেছে।মানব উন্নয়ন প্রতিবেদনের এবারকার প্রতিপাদ্য ছিল ‘টেকসই উন্নয়ন ও সমতা: সবার জন্য উন্নত ভবিষ্যৎ’। এতে পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছতা ও সমতার ভিত্তিতে সম্পদ বিতরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রেসনার বলেন, মানব উন্নয়নের অনেক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয় হলেও আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকির চাপ মোকাবিলায় বাংলাদেশকে পদক্ষেপ নিতে হবে। মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার যাত্রায় অসমতা দূর করতে প্রয়াস দ্বিগুণ করা জরুরি।ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর কে এ এম মোর্শেদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান ১৭২ ও নেপাল ১৫৭ অবস্থান নিয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে। পাকিস্তান ১৪৫, ভুটান ১৪১, ভারত ১৩৪ নম্বরে রয়েছে।স্বাগত বক্তব্য দেন ডিকাবের সভাপতি রাহীদ এজাজ। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মজিদ। এবারের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় ১৭ ধাপ পিছিয়েছে।