বাংলাদেশ খেলাফত মজলিস ভেঙে নতুন দল হচ্ছে
ধর্মভিত্তিক রাজনৈতিক দল ‘বাংলাদেশ খেলাফত মজলিস’ ভেঙে আরেকটি নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ গণসেবা আন্দোলন’। সংশ্লিষ্ট সূত্র জানায়, নড়াইলের আলোচিত সাবেক সাংসদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মুফতি শহীদুল ইসলাম সংগঠনটির প্রধান এবং তাফাজ্জল হক আজিজ মহাসচিব হচ্ছেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। জানতে চাইলে তাফাজ্জল নতুন দল গঠনের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘সেবা ও ত্যাগের লক্ষ্য সামনে রেখে আমরা নতুন দল গঠন করেছি। আজ এর আত্মপ্রকাশ হবে।’খেলাফত মজলিস ছাড়ার কারণ জানতে চাইলে তাফাজ্জল বলেন, ‘বর্তমান নেতৃত্বের প্রতি আস্থাহীনতা এবং সাংগঠনিক জটিলতার কারণে নির্বাহী কমিটির আমরা নয়জন সদস্য পদত্যাগ করেছি।’সূত্রমতে, ১৯৮৯ সালে গঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন শায়খুল হাদিস আজিজুল হক। বয়সের কারণে তিনি দায়িত্ব থেকে সরে যান। ২০০৪ সালে দলটির একাংশের সদস্যরা দল থেকে বেরিয়ে যান। মাওলানা মুহাম্মদ ইসহাক ও আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে তাঁরা ‘খেলাফত মজলিস’ নামে আরেকটি দল গঠন করেন।