বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় হতাশা প্রকাশ করেছে ব্রিটিশ পার্লামেন্ট। একই সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান এবং একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সমঝোতায় পৌঁছানোর জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে অনুষ্ঠিত প্রায় পৌনে তিন ঘণ্টার বিতর্কে অংশ নেওয়া ব্রিটিশ এমপিদের বক্তব্যে এমন হতাশা প্রকাশ করা হয়। তাঁরা বলেন, বাংলাদেশ ক্রমেই গণতন্ত্রের পথ থেকে দূরে সরে যাচ্ছে।
এদিকে বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার নিন্দা জানিয়ে এবং জনজীবন স্থবির হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট একটি প্রস্তাব গ্রহণ করেছে। এতে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়।
হাউস অব কমন্সের বিতর্কে এমপিরা ৫ জানুয়ারির নির্বাচনে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব ঘটেনি বলে অভিমত দিয়ে বলেন, এটি গণতন্ত্রের জন্য শুভ নয়। সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা করে অবিলম্বে তা বন্ধে দুই প্রধান দলকে একযোগে কাজ করারও আহ্বান জানানো হয়।
বিতর্কে ১২ জন এমপি অংশ নেন এবং সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেভিড লিডিংটন বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক সংকটের বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, যুক্তরাজ্য বিশ্বাস করে, পূর্ণতাপ্রাপ্ত এবং সচল গণতন্ত্রের প্রকৃত নিদর্শন হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে ভোটারদের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে। সে কারণেই সব রাজনৈতিক দলকে ভবিষ্যতে প্রতিশোধের হুমকি ও ভীতিমুক্ত অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, প্রকাশ্যে বা মেগাফোন ব্যবহারের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হয় না। তবে যুক্তরাজ্য সরকারের মতামত স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রয়েছে। প্রতিমন্ত্রী বিএনপি প্রধান খালেদা জিয়ার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য, অবরোধ স্থগিত করার সিদ্ধান্ত এবং আলোচনার আহ্বানকে স্বাগত জানান।
এমপিদের সমালোচনার একটা বড় অংশজুড়ে ছিল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং র্যাবের ভূমিকা। র্যাবকে ‘ঘাতকবাহিনী’ হিসেবে অভিহিত করে তাঁরা বিভিন্ন গুম ও খুনের ঘটনার জন্য র্যাবকে দায়ী করেন। কনজারভেটিভ পার্টির রিচার্ড ফুলার র্যাব ভেঙে দেওয়ার দাবি জানানোর আহ্বান জানান।
ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক অলপার্টি পার্লামেন্টারি গ্রুপের (এএপিজি) চেয়ার, কনজারভেটিভ পার্টির অ্যান মেইন এমপি বিতর্কের সূচনা করে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিলের কারণে রাজনৈতিক সংকট সূচিত হওয়ার কথা বললেও আওয়ামী লীগ সরকার তা বৈধভাবেই করেছে বলে মন্তব্য করেন। কিন্তু এই বিশেষ বিতর্কের সহ-উদ্যোক্তা লেবার পার্টির সাইমন ড্যানচুক ওই পদ্ধতি বিলোপ করাকে ভুল অভিহিত করে ভবিষ্যতে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হবে বলে মন্তব্য করেন।
ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্টবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটনের বিবৃতি উদ্ধৃত করে তিনি বলেন, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ায় নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুজ্জীবন করা প্রয়োজন।
এমপিদের প্রায় সবাই রাজনৈতিক কারণে বিরোধীদের গ্রেপ্তার ও নির্যাতন, বিরোধী দলের নেত্রীকে তাঁর বাসভবনে অন্তরীণ রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের সমালোচনা করেন। তাঁরা একই সঙ্গে রাজনৈতিক প্রতিবাদ শান্তিপূর্ণভাবে হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার সংগঠকেরা নানা ধরনের হুমকির মুখে বলেও তাঁদের আলোচনায় অভিমত প্রকাশিত হয়।
যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ যথাযথ ছিল বলে মন্তব্য করলেও প্রায় সব বক্তাই রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে এটিকে উল্লেখ করেন। তাঁদের অনেকেই এই বিচার-প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন এবং মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন। তাঁরা অবশ্য বিচার-প্রক্রিয়ার সঙ্গে জড়িত সাক্ষী ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।
বাংলাদেশে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হলে তা দেশটিতে গোপন উগ্রপন্থার উত্থান ঘটাবে কি না, এমন প্রশ্ন করেন রেহমান চিশতি এমপি। জবাবে বাংলাদেশি-অধ্যুষিত পপলার এলাকার এমপি জিম ফিটজপ্যাট্রিক বলেন, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে সব দলের উচিত হবে, জামায়াতকে সঙ্গে না রাখা।
ইউরোপীয় পার্লামেন্টে বিতর্ক: সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান
বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচনকেন্দ্রিক সহিংসতার নিন্দা জানিয়ে এবং জনজীবন স্থবির হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় পার্লামেন্ট একটি প্রস্তাব গ্রহণ করেছে। স্ট্রাসবুর্গে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচনোত্তর পরিস্থিতিবিষয়ক এক বিতর্কের পর এ প্রস্তাব গৃহীত হয়। এতে একতরফাভাবে গ্রেপ্তার করা বিরোধী রাজনীতিকদের মুক্তি দিয়ে দলগুলোকে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানো হয়, যাতে বাংলাদেশিরা গণতান্ত্রিক পন্থায় তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়। প্রস্তাবে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হওয়া রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়।