বাংলাদেশ গণিত দলের ভালো করার প্রত্যয়
৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) ভালো করার প্রত্যয় জানিয়েছে পাঁচ সদস্যের বাংলাদেশ জাতীয় গণিত দল। এই প্রত্যয় নিয়ে আগামীকাল রোববার কাজাখস্তান রওনা হচ্ছে দলটি। কাজাখস্তানের রাজধানী আস্তানায় হবে এই গণিত অলিম্পিয়াড।এ উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় গণিত দল এই প্রত্যয় জানায়। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ গণিত দলের সদস্যরা বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো সেরা চেষ্টা করে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই।’বাংলাদেশ ষষ্ঠবারের মতো আইএমওতে যাচ্ছে। গত আইএমওতে দেশের দুই শিক্ষার্থী সামিন রিয়াসাত ও নাজিয়া চৌধুরী ব্রোঞ্জ পদক অর্জন করেন। এ বছর ১০৫টি দেশের ৫৩৬ জন প্রতিযোগী আইএমওতে অংশ নিচ্ছে।সংবাদ সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবারের অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেন। এঁরা হলেন কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়া তারিক আদনান মুন, সিলেট এমসি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী প্রাণন রহমান খান, খুলনা পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর কাজী হাসান জুবায়ের, সিলেট সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর নাফিজা আনজুম, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়া হক মুহাম্মদ ইশফাক।তাঁদের দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার গতকাল কাজাখস্তানের উদ্দেশে রওনা দেন। দলের উপনেতা থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘২০০১ সালে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতায় শুরু হওয়া নিউরনে অনুরণন এখন আমাদের সবার প্রাণের গণিত অলিম্পিয়াড। ২০০৪ সালে আমরা আইএমওর সদস্যপদ পেয়েছি আর ২০০৫ সাল থেকে আমরা অংশ নিচ্ছি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। প্রতিবছরই আমাদের শিক্ষার্থীরা ভালো করছে। এবারও ভালো করবে, সে প্রত্যাশা করছি।’অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন আলী বলেন, ‘সারা দেশ থেকে খুদে গণিতবিদদের বের করে আনার জন্য গণিত অলিম্পিয়াড কমিটি ও প্রথম আলোর ভূমিকা প্রশংসনীয়। এ গণিতবিদেরা ভালো ফলাফল করার ক্ষমতা রাখে। গতবার দেশের শিক্ষার্থীরা ব্রোঞ্জ এনেছে। এ উদ্যোগ ও আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা গর্ববোধ করছি।’ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘গণিত উৎসবের কারণে দেশের শিক্ষার্থীরা গণিতের প্রতি উৎসাহী হয়ে উঠছে। দেশে অনেক মন খারাপ করা সংবাদের পাশাপাশি তরুণেরা খুশির খবর দেয়। এ কারণে আমি আশাবাদী। আশা করি, তরুণ প্রজন্ম জ্ঞান-বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘খারাপ সংবাদের পাশাপাশি অনেক আনন্দের সংবাদও আমরা পাই। প্রথম আলোর পক্ষ থেকে এই গণিতবিদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা স্বপ্ন দেখি সর্বক্ষেত্রে আমরা এগিয়ে যাব। এ তরুণেরাই আমাদের পথ দেখাবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম।