বাংলাদেশ গভ ডট বিডির উদ্বোধন আজ
বাংলাদেশ গভ ডট বিডি (www.bangladesh.gov.bd) নামের এই ওয়েবসাইট আজ সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সরকারের বিভিন্ন সংস্থার প্রায় ২৫ হাজার ওয়েবসাইটের সমন্বয়ে গঠিত এই ওয়েবপোর্টালকে ডাকা হচ্ছে ‘বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন’ নামে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্প এ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের প্রধানদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে। মতবিনিময় সভায় বিভিন্ন পত্রিকার সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা তাঁদের মতামত তুলে ধরেন। আজ দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই ওয়েবসাইটের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে ওয়েবপোর্টালের বিভিন্ন দিক তুলে ধরেন অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি—এই ওয়েবপোর্টালটি বিশ্বে সর্ববৃহৎ। কারণ, এখানে ৬১টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৪৫টি অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়নসহ মোট ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে গঠিত।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ জানান, ওয়েবপোর্টালের তথ্য সংগ্রহ করতে আড়াই বছর লেগেছে। তথ্যসচিব মর্তুজা আহমদ বলেন, এ ওয়েবসাইট জাতি গঠনে ভূমিকা পালন করবে।