বাংলাদেশ গেমসের সময় হরতাল না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ গেমস চলার দিনগুলোতে হরতাল আহ্বান করা থেকে বিরত থাকার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার থেকে বাংলাদেশ গেমস শুরু হচ্ছে। খবর বাসসের।প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ কৃষক লীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষনদানকালে এ আহ্বান জানান । তিনি ছাত্রছাত্রীদের পরীক্ষার দিনগুলোতে হরতাল দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস না করার জন্যও বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অন্যতম একটি পার্থক্য হলো যে আমরা বাংলাদেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং বিএনপি বাংলাদেশকে বৈদেশিক সাহায্যনির্ভর রাখতে চায়।’কৃষি উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য ক্ষমতায় এসেছে, ব্যবসা করার জন্য আসেনি। তিনি আরও বলেন, উৎপাদন বাড়াতে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও গবেষণায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার ব্যাপারে তাঁর সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা পুনরুল্ল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে বিএনপি সমগ্র জাতিকে অপমান করেছে। তিনি আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তিসহ অনেক গোষ্ঠীই বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মানজনক অবস্থান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও আর্থসামাজিক অগ্রগতি চায় না। সেসব গোষ্ঠী যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করা এবং লাগাতার হরতালের মাধ্যমে আমাদের অগ্রগতি ব্যাহত করার ষড়যন্ত্র করছে।’কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্ল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক বক্তব্য দেন।প্রধানমন্ত্রী কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে সংগঠনের নেতা-কর্মীদের অভিনন্দন ও কৃষকদের পাশে থাকার আহ্বান জানান।