বাংলাদেশ গ্যাসফিল্ডে নিয়োগের অনিয়ম তদন্তে কমিটি
বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানিতে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই কমিটি গঠন করা হয়।বৈঠকের পর কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন পদে ৩১ জন নিয়োগ করার কথা। কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে ১৪৩ জনকে। বিষয়টি তদন্তের জন্য কমিটির সদস্য ইসরাফিল আলমকে আহ্বায়ক এবং ওমর ফারুক চৌধুরী ও শেখ ফজলে নূরকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সুবিদ আলী ভূঁইয়া আরও বলেন, প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অভিযোগে স্থায়ী কমিটি পদ্মা অয়েল কোম্পানির তিনজন উপমহাব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কর্মকর্তাদের নাম উল্লেখ করতে পারেননি।সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটি সাধারণ মানুষের সুবিধার্থে বাজারে এলপি গ্যাসের দাম পাইপলাইনের গ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করারও সুপারিশ করেছে।সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ইসরাফিল আলম, নিলুফার জাফর উল্লাহ, আবদুল কাদের খান, ওমর ফারুক চৌধুরী, শেখ ফজলে নূর ও আবদুল্লাহ আল ইসলাম অংশ নেন।২০ এপ্রিল প্রথম আলোয় ‘৩১ শূন্য পদে ১৪৩ নিয়োগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।