যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, বাংলাদেশ সরকারের বর্তমান লড়াই হলো চরমপন্থা, মানবতাবিরোধী অপরাধী এবং দেশের স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ও দেশের বাইরে চরমপন্থা ও সন্ত্রাসবাদ নির্মূলে যুক্তরাষ্ট্র, প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন।
জিয়াউদ্দিন গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ক্যাপিটল হিলে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান মাইক হোন্ডার সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইউএনবি এ খবর প্রকাশ করে। সাক্ষাতে জিয়াউদ্দিন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বিশেষ করে দেশে চরমপন্থা নির্মূল ও গণতন্ত্র নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়ে আলোচনা করেন। জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশে তৈরি পোশাক খাতে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।