বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কমিটি পুনর্বহালের দাবি
হবিগঞ্জের বাহুবল-নবীগঞ্জের ১২টি চা-বাগানের নেতারা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটি অবিলম্বে পুনর্বহালের দাবি জানিয়েছেন। অন্যথায় ওই চা-বাগানগুলোর ২০ হাজার ভোটার হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বর্জন করবে বলে ঘোষণা দিয়ে ‘না’ প্রতীকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার বিকেলে ওই বাগানগুলোর পঞ্চায়েত কমিটির শতাধিক নেতা বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরীর সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন। এ সময় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভ্যালি সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবেন্দ্র বাড়াইকের নেতৃত্বে রশিদপুর, ছিতলা, রামপুর, ফয়জাবাদ, কামাইছড়া, আমতলী, বৃন্দাবন, ইমাম, ভাওয়ানী, রশিদপুর, মধুপুর ও বালুচড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি-সম্পাদকসহ শতাধিক চা-শ্রমিক উপস্থিত ছিলেন।শ্রমিকনেতারা বলেন, সুদীর্ঘ ৬০ বছরে বহু আন্দোলনের পর গত তত্ত্বাবধায়ক সরকার এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ ট্রেড ইউনিয়ন ‘বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন’-এর নির্বাচনের আয়োজন করে। প্রায় দেড় লাখ শ্রমিকের ভোটে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটি ক্ষমতায় আসে। এক বছরের মাথায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২৫ নভেম্বর অন্যায়ভাবে আমাদের নির্বাচিত কমিটি বাতিল করে নির্বাচনে পরাজিত নেতা শ্রীমঙ্গল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় বোনার্জীর নেতৃত্বে ট্রেড ইউনিয়ন দখল করা হয়। বিতাড়িত করা হয় আমাদের নির্বাচিত কমিটিকে। এর পর থেকে তথাকথিত আহ্বায়ক কমিটির দালাল নেতাদের মাধ্যমে নিরীহ শ্রমিকদের শোষণ ও নিপীড়ন করা হচ্ছে।পরে উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী শ্রমিকদের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবেন বলে আশ্বস্ত করেন।