বাংলাদেশ চাইলে নির্বাচনে সহযোগিতা করবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের অনুরোধ পেলে আগামী নির্বাচনে যেকোনো ধরনের সহযোগিতার জন্য তৈরি আছে ভারত। তবে কী ধরনের সহযোগিতা লাগবে, সেটা বাংলাদেশকে বলতে হবে।

গতকাল মঙ্গলবার ডিকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হর্ষ বর্ধন শ্রিংলা এ মন্তব্য করেন।

বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি (ডিকাব) জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান।

দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ ও ভারত বন্ধুত্বের নতুন পর্যায়ে উন্নীত হওয়ায় সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর কোনো সীমারেখা নেই বলে মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ভালো সংযোগ এবং চলাচল সহজ করে আপনি যদি সহায়ক পরিবেশ তৈরি করতে চান, বাকি সব আপনা-আপনি হবে। এখানে কোনো সীমারেখা নেই। এখানে অফুরন্ত সুযোগ আছে।

বাংলাদেশের আগামী নির্বাচনের আগে তিস্তা চুক্তি হবে কি না, জানতে চাইলে হর্ষ বর্ধন বলেন, ‘আমাদের কাজ হচ্ছে যতটা সম্ভব বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে নিজেদের দূরে রাখা। তবে তিস্তা চুক্তি যাতে দ্রুত সই হয়, আমাদের সেই চেষ্টা অব্যাহত আছে।’

আগামী জাতীয় নির্বাচনে ভারতের সহযোগিতার প্রসঙ্গে জানতে চাইলে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘আপনাদের কী দরকার, তা আমরা বলব না। আপনারাই জানাবেন, কী দরকার। গত জুলাইতে গুলশানে জঙ্গি হামলার পর আমরা কিন্তু আপনাদের বলিনি, এটা–ওটা করতে হবে। ওই ঘটনার পরপরই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রীর ফোনে কথা হয়েছে। তখন আমাদের প্রধানমন্ত্রী আপনাদের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন, আপনাদের কী দরকার? কমান্ডো ট্রেনিং, বিশেষ ইকুইপমেন্ট নাকি নজরদারির ইকুইপমেন্ট? আপনারা বলুন কী দরকার? একইভাবে নির্বাচনের বিষয়ে বাংলাদেশকে বলতে হবে, কী প্রয়োজন। আমরা তা করব। কিন্তু অনুরোধটা বাংলাদেশের কাছ থেকেই আসতে হবে।’

ভারতীয় হাইকমিশনার দুই দেশের সম্পর্কের গত ৮ থেকে ১০ বছরের বিশেষ উন্নতির কথা বলতে গিয়ে ‘অস্বস্তিকর’ বিষয়গুলোতে অগ্রগতির প্রসঙ্গ টানেন। এখানে সর্বসম্মতভাবে ভারতে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রসঙ্গ ও সীমান্ত হত্যার সংখ্যা কমার কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘সীমান্ত হত্যার সংখ্যা কমে বছরে ২০-এ নেমে এসেছে। তবে একটি হত্যাও অনেক কিছু। কারণ হত্যার সংখ্যা পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

সন্ত্রাসবাদ দমন ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর বাংলাদেশ যে ধরনের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে, তা খুবই প্রশংসনীয়। সন্ত্রাসবাদ ও নিরাপত্তার বিষয়টি এখন বৈশ্বিক ইস্যু। নিরাপত্তা ঝুঁকি নেই, এমনটা দাবি করার সুযোগ কোনো দেশের নেই। যে দেশটি আজ নিরাপদ ভাবা হচ্ছে, সেখানেই কাল অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা ঘটতে পারে। সর্বশেষ ম্যানচেস্টারের ঘটনাই তার প্রমাণ।

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পাওয়া এখন অনেক সহজ উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, এ প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক, মুক্তিযোদ্ধারা পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাচ্ছেন। নারীদের সরাসরি আবেদনের ব্যবস্থা করা হয়েছে। সবার জন্যই এক বছরের ভ্রমণ ভিসা দেওয়া হচ্ছে।

চীনের অঞ্চল ও পথের উদ্যোগে ভারতের যোগ না দেওয়া এবং বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতিকে উদ্ধৃত করেন হর্ষ বর্ধন শ্রিংলা। ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারত অবশ্যই আঞ্চলিক সংযোগের নীতির প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সংযোগব্যবস্থা অবশ্যই আন্তর্জাতিক রীতি এবং যেসব দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হচ্ছে, তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই করা উচিত বলে বিশ্বাস করে ভারত।

অন্য এক প্রশ্নের উত্তরে হর্ষ বর্ধন শ্রিংলা জানান, অঞ্চল ও পথের উদ্যোগ নিয়ে ভারতের অবস্থান কোনোভাবেই বাংলাদেশ-ভারত-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর বাস্তবায়নে বাধা হবে না।