বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে তরুণদের ওপর বিনিয়োগের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়ন লক্ষ্যসহ (এসডিজি) বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যগুলো তরুণদের কথা ভেবেই ঠিক করা হয়েছে। বাংলাদেশ ও চীনের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশই তরুণ। তাই দুই দেশের পরীক্ষিত বন্ধুত্বকে আরও জোরদার করতে ভবিষ্যতে তরুণদের ওপর বিনিয়োগে গুরুত্ব দেওয়া উচিত।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-চায়না ফাউন্ডেশন ফর ফিউচার’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা এই অভিমত দেন।
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি ও বাংলাদেশ-চায়না ফাউন্ডেশন ফর ফিউচারের চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। আরও বক্তৃতা করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং।
গওহর রিজভী বলেন, ‘বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের শিকড়টা অনেক পুরোনো এবং আমাদের পরীক্ষিত বন্ধু চীন। দুই দেশেরই জনসংখ্যার উল্লেখযোগ্য সংখ্যক তরুণ, যাদের বিষয়টি মাথায় রেখে দুই দেশ ভবিষ্যতের উন্নয়নের পরিকল্পনা করছে। মধ্য আয়ের দেশ হিসেবে উন্নীত হওয়ার পাশাপাশি বাংলাদেশ বেশ কিছু উন্নয়নের লক্ষ্য ঠিক করেছে। আমাদের প্রত্যাশা, এসব লক্ষ্য অর্জনে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবে।’
চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেন, ‘বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে সেরা সময় পার করছে। আর বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের সম্পর্কের বীজ বপন করতে হবে।’
বাংলাদেশ-চায়না ফাউন্ডেশন ফর ফিউচারের চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, শান্তি, স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে সুফল ভাগাভাগির নীতির মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক প্রতিষ্ঠিত। পরীক্ষিত এই সম্পর্ককে নিবিড় করতে জনগণের মেলবন্ধন জোরালো করতে হবে। বাংলাদেশের জনসংখ্যার ৪ কোটি ৮০ লাখ বা ৩০ শতাংশ তরুণ। আর চীনের জনসংখ্যার ২৬ কোটি ৯০ লাখ তরুণ। ভবিষ্যৎ বদলে দেওয়ার জন্য এসব তরুণ এক অপার সম্ভাবনা। কাজেই এদের কাজে লাগিয়ে এগিয়ে যেতে হলে তাদের দক্ষ মানবসম্পদে তৈরি করতে প্রয়োজনীয় বিনিয়োগ করতে হবে।