বাংলাদেশ ছাড়তেও বলিনি, আসতেও নিষেধ করিনি: বার্নিকাট

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের ভ্রমণবিষয়ক সতর্কতা হালনাগাদ করেছি। আমরা ওই বার্তায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ থেকে চলে যেতে বলিনি আবার আসতেও নিষেধ করিনি। শুধু বাংলাদেশে অবস্থানের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছি।
আজ সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি ভ্রমণ-সতর্কতা জারি করা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মার্শা বার্নিকাট বলেন, ‘আইএসসহ সহিংস উগ্রবাদ দমনে যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আইএসের উত্থান মোকাবিলার জন্য যা যা করা দরকার, তা সবই আমাদের আছে। বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় আমরা সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদ দমনে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছি আর অংশীদারত্বের ক্ষেত্রে আমাদের অঙ্গীকার জোরালো করেছি। আমরা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে একসঙ্গে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ যদি ইতালি ও জাপানের নাগরিক হত্যার তদন্তে রহস্য উদ্ঘাটনে সহযোগিতা চায়, আমরা সহযোগিতার জন্য প্রস্তুত আছি।’
দুই বিদেশি নাগরিক হত্যার পর আইএসের ঘটনার দায়িত্ব স্বীকারের দাবির ব্যাপারে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, ‘যখনই আইএস বা আল কায়েদা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে কৃতিত্ব দাবি করে, তখন আমরা সেগুলোর সত্যতা উদ্ঘাটনের চেষ্টা করে থাকি। এটি আমাদের ও আমাদের অংশীদারত্বের বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী তৎপরতা খুঁজতে সহায়তা করে।’