বাংলাদেশ ছাড়ল করেতাঁর নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাল তুলে নৌকা ভাসিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত ছাড়লেন ফরাসি অভিযাত্রী করেতাঁ দেশাতেল। বাংলাদেশের পাটের আঁশ ও ফাইবার গ্লাসের মিশ্রণে তৈরি অভিনব এ নৌকায় তিনি শ্রীলঙ্কা, ওমান, মিসর আর সুয়েজ খাল হয়ে পৌঁছাবেন ভূমধ্যসাগরে; এরপর নিজ মাতৃভূমিতে। পাটশিল্পের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতেই তাঁর এই দুঃসাহসিক অভিযাত্রা।গতকাল বুধবার বেলা ১১টায় কুয়াকাটা সৈকত ছাড়েন করেতাঁ। তাঁর পরনে ছিল লাল-সবুজের পতাকাখচিত টি-শার্ট। বাংলাদেশকে বিদায় জানিয়ে করেতাঁ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘নিঃসঙ্গতা ও কষ্ট ছাপিয়ে আমি যেন লক্ষ্যে পৌঁছাতে পারি।’ বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, ‘মানবসম্পদে সমৃদ্ধ এ দেশ। এখানকার মানুষের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পেয়েছি। পেয়েছি অকৃত্রিম ভালোবাসা। এ দেশের মানুষের কথা কখনো ভুলব না।’গত শনিবার ঢাকার সাভারের বংশী নদী থেকে করেতাঁর ভ্রমণ শুরু হয়। গতকাল কুয়াকাটায় করেতাঁর নৌকা সৈকত ছাড়ার মুহূর্তে উপস্থিত ফ্রেন্ডশিপ বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক রফিকুজ্জমান বলেন, সব ঠিক থাকলে ছয় মাসের নৌযাত্রায় ভূমধ্যসাগর হয়ে করেতাঁ মাতৃভূমিতে পৌঁছাবেন।বেঙ্গল জুটের ডকইয়ার্ডে বিশেষভাবে তৈরি করেতাঁর পাল তোলা নৌকাটির দৈর্ঘ্য নয় মিটার, প্রস্থ দুই মিটার এবং গভীরতা ১ দশমিক ৩ মিটার। নৌকা চলবে এই পালের সাহায্যেই। তবে জরুরি প্রয়োজনে রয়েছে ছোট একটি ইঞ্জিন। দীর্ঘ এই পথে তাঁর সঙ্গে থাকবে মোবাইল ফোনসেট, ইন্টারনেট সুবিধাসহ ল্যাপটপ ও ক্যামেরা। গ্যাসের চুলা, শুকনো খাবার, জরুরি ওষুধসহ পর্যাপ্ত পানিও রয়েছে।ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর উপকূলের পটুয়াখালী, বরগুনার তালতলী এবং বাগেরহাটের শরণখোলায় ফ্রেন্ডশিপের ভ্রাম্যমাণ হাসপাতাল ও দুর্যোগ পুনর্বাসন কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিতে ফ্রান্স থেকে এ দেশে ছুটে আসেন করেতাঁ।