জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) সভাপতি রাজেন্দ্র কুমার পাচুরি গত শুক্রবার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। ফলে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসসহ আবহাওয়ার চরম রূপ এই অঞ্চলে বেশি প্রকাশ পাচ্ছেবাংলাদেশ এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের বিপদগুলো টের পেতে শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের জলবায়ু ঝুঁকির বিষয়টি তুলে ধরায় বিশ্বসম্প্রদায় এ বিষয়ে সচেতন হয়েছে। তাই কানকুন সম্মেলনে শিল্পোন্নত দেশগুলোকে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানোর সুযোগ বাংলাদেশের রয়েছে।জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) সভাপতি রাজেন্দ্র কুমার পাচুরি গত শুক্রবার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। মেক্সিকোর কানকুনে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনস্থল মুন প্যালেসের সানরাইজ সম্মেলনকেন্দ্রে কথা হয় নোবেলজয়ী এই জলবায়ু বিশেষজ্ঞের সঙ্গে।২০০৭ সালে আইপিসিসির চতুর্থ মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে বিশ্বসম্প্রদায়ের কাছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তুলে ধরার মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসা এই বিজ্ঞানী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আইপিসিসির পঞ্চম প্রতিবেদনের জন্য তিনি বর্তমানে কাজ করছেন।রাজেন্দ্র কুমার পাচুরি বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। ফলে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসসহ আবহাওয়ার চরম রূপ এই অঞ্চলে বেশি প্রকাশ পাচ্ছে। অধিক জনসংখ্যা ও ছোট্ট আয়তনের এই দেশের বিপুলসংখ্যক মানুষ মারাত্মক বিপদে আছে। ফলে বাংলাদেশই পারে শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানোর কথা জোর গলায় বলতে।শিল্পোন্নত দেশগুলো বিজ্ঞানীদের দেওয়া তথ্য ও পরামর্শ অনুসরণ করে এগোচ্ছে কি না জানতে চাইলে পাচুরি বলেন, এখন পর্যন্ত রাজনৈতিকভাবে বিশ্বনেতারা এগোচ্ছেন। বিজ্ঞানকে অনুসরণ করে এগোলে তাঁরা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি বন্ধে উদ্যোগ নিয়ে কোপেনহেগেন সম্মেলনেই একটি চুক্তিতে উপনীত হতেন। এটা না করায় বিশ্বে তাপমাত্রা বেড়ে আবহাওয়া চরম হয়ে উঠছে। জলবায়ুর ঝুঁকির মুখে পড়ছে বাংলাদেশের মতো দেশগুলো।আইপিসিসির মূল্যায়ন প্রতিবেদন নিয়ে বিভিন্ন সংশয়ের কথা জানতে চাইলে রাজেন্দ্র কুমার পাচুরি বলেন, ‘২০০৭ সালে চতুর্থ মূল্যায়ন প্রতিবেদন তৈরির সময় সারা বিশ্বের তিন হাজার ৭৫০ জন বিজ্ঞানীর মতামত ও লেখা যুক্ত করা হয়েছিল। প্রধান লেখক, সংযোজনকারী ও মূল্যায়নকারী—এই তিনটি স্তরে তাঁরা বিশেষজ্ঞ মতামত ও লেখা জমা দিয়ে অংশ নিয়েছিলেন। ১৮ হাজার লেখা ও ৯০ হাজার মতামত অন্তর্ভুক্ত করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। সরকারি পর্যায়ের মতামতগুলোও নেওয়া হয়। ওই প্রতিবেদনে আমরা মূলত দুটি বিষয় দেখতে পাই। প্রথমত, বিশ্বের বায়ু ও সমুদ্রের তাপমাত্রা ভারসাম্যহীনভাবে বাড়ছে। দ্বিতীয়ত, এর ফলে বরফখণ্ড গলে যাচ্ছে। এর কারণ হিসেবে আমরা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বেড়ে যাওয়াকে চিহ্নিত করি। গত ৫০ বছরে পৃথিবীর তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলেও দেখা যায়।’পাচুরি আরও বলেন, ‘চতুর্থ মূল্যায়ন প্রতিবেদনটির মাধ্যমে আমরা আশঙ্কা করি, চলতি শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা দেড় থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এর ফলে পৃথিবীর ২০ থেকে ৩০ শতাংশ উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে কোপেনহেগেন সম্মেলনে বিশ্বনেতারা মতৈক্যে পৌঁছেছিলেন, চলতি শতাব্দীর মধ্যে তাঁরা বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে দেবেন না। শিল্পোন্নত দেশগুলো কার্বন নিঃসরণের পরিমাণ ওই অনুযায়ী কমাবে। কিন্তু শিল্পোন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলো এখনো কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে রাজি হচ্ছে না।’রাজেন্দ্র পাচুরি আরও বলেন, সংযুক্তি-১ হিসেবে চিহ্নিত শিল্পোন্নত ৩৭টি দেশ বিশ্বমন্দার প্রভাব এখনো কাটাতে পারেনি। উদীয়মান অর্থনীতির দেশ—চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা এখনো দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। এসব দেশ একত্রে বিশ্বের ৯০ শতাংশ কার্বন নিঃসরণ করে। তারা অর্থনীতির দোহাই দিয়ে তাপমাত্রা কমানোর উদ্যোগ থেকে পিছিয়ে আসছে।এসব দেশের অবস্থানকে কতটুকু যৌক্তিক মনে করেন জানতে চাইলে পাচুরি হেসে বলেন, অতিরিক্ত কার্বন নিঃসরণকারী দেশগুলো যদি মনে করে তারা কার্বন নিঃসরণ পরে কমাবে, তাহলে তারা আর সে সুযোগ নাও পেতে পারে। কারণ, এর আগেই জলবায়ু পরিবর্তন তাদের অর্থনীতির আরও বড় ক্ষতি করে দিতে পারে।আইপিসিসির পঞ্চম মূল্যায়ন প্রতিবেদন প্রসঙ্গে পাচুরি জানান, প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে আরও সাবধানে এগোচ্ছে আইপিসিসি। এর সঙ্গে যুক্ত হতে চেয়ে এ পর্যন্ত বিশ্বের তিন হাজার বিজ্ঞানী আবেদন করেছেন। এখান থেকে ৮৪১ জনকে নির্বাচন করা হবে। ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে মূল প্রতিবেদনের খসড়া তৈরি ও ২০১৪ সালের নভেম্বরের মধ্যে তা প্রকাশ করা হবে।