তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের জরিপ অনুসারে বাংলাদেশ টেলিভিশন দেশের সর্বাধিক জনপ্রিয় টেলিভিশন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।প্রশ্নোত্তরে তথ্যমন্ত্রী নতুন বেতার স্টেশন, তথ্য অধিকার আইনের বাস্তবায়নে বাধা, সাংবাদিকতার উন্নয়নে সরকারের পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, আটটি নতুন এফএম রেডিও স্টেশন চালু করা হবে। ইতিমধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ার জন্য কর্মকর্তাদের ‘নেতিবাচক মানসিকতা’কে দায়ী করেন তিনি। মন্ত্রী বলেন, তথ্য প্রকাশে কর্মকর্তাদের নেতিবাচক মানসিকতা একটি বড় প্রতিবন্ধকতা। তথ্য কমিশনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ইতিমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।আবদুল ওয়াদুদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রসহ বেতারের আরও কয়েকটি কেন্দ্রের আধুনিকায়নে একটি প্রকল্প প্রস্তাব প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মাহজাবীন মোরশেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে চালু বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে ১৪টি। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাস্তবায়নের লক্ষ্যে সাত সদস্যের একটি ত্রিপক্ষীয় মনিটরিং টিম করা হয়েছে।বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি: প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেছেন, বর্তমানে বিদ্যুৎ ঘাটতি ১ হাজার ৩৩৬ মেগাওয়াট। আর গ্যাসের ঘাটতি ৫০০ মিলিয়ন ঘনফুট। লুৎফুর রহমানের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী উৎপাদন না বাড়ায় কয়েক বছর ধরে গ্যাস সংকট বাড়ছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৩১ মে পর্যন্ত এক হাজার ৫৫৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।বর্তমানে দৈনিক দুই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, উৎপাদন দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত নতুন করে পাইপলাইন সম্প্রসারণ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গত দুই অর্থবছরে সরকার জ্বালানি তেলে সরাসরি কোনো ভর্তুকি দেয়নি। অপু উকিলের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে ৪০টি সৌরচালিত সেচ পাম্প স্থাপনের দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, পল্লী বিদ্যুতের আওতায় বিতরণ লাইন সম্প্রসারণে প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে ১৮ হাজার ২০০ কিলোমিটার বিতরণ লাইন স্থাপনের মাধ্যমে ৭২ হাজার গ্রাহককে সংযোগ দেওয়া হবে।