বাংলাদেশ ঠিক পথে এগোচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সমস্যায় চলা বাংলাদেশ ঠিক পথে এগোচ্ছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী হুগো সোয়ার। একের পর এক হত্যাকাণ্ডে বিরোধী দলকে দায়ী করে বাংলাদেশ সরকারের দেওয়া ব্যাখ্যার সঙ্গে যুক্তরাজ্য একমত নয় বলেও জানিয়েছেন তিনি।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে গত মঙ্গলবার বাংলাদেশবিষয়ক সরাসরি প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী হুগো সোয়ার এসব কথা বলেন। বিতর্কে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের জন্য বিরোধী দলগুলোকে দায়ী করে বলছেন, বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে এসব করছে। আমরা মনে করি, সমস্যা আরও গভীরে।’
প্রতিমন্ত্রী বলেন, কিছু বিষয়ে যুক্তরাজ্যের গভীর উদ্বেগ রয়েছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে অবরোধ আরোপের কোনো আশঙ্কা নাকচ করে দিয়ে তিনি বলেন, বাংলাদেশ কমনওয়েলথের সদস্য। তাই যুক্তরাজ্য চায় কমনওয়েলথ বাংলাদেশের বিষয়ে আরও পদক্ষেপ নেবে। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার বিষয়কে তিনি স্বাগত জানান।
বিতর্কে বাংলাদেশ প্রসঙ্গে নির্ধারিত আলোচনায় সাতজন এমপি বাংলাদেশে একদলীয় রাজনীতির উত্থান, মানবাধিকার পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা ও সাম্প্রতিক হত্যাকাণ্ড বিষয়ে প্রশ্ন তোলেন। এসব বিষয়ে যুক্তরাজ্যের করণীয় সম্পর্কে জানতে চান তাঁরা। তাঁদের প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী হুগো সোয়ার।
একই দিন পার্লামেন্টের সন্ধ্যাকালীন অধিবেশনে ইউরোপ, মানবাধিকার এবং দেশ-বিদেশে মানুষকে নিরাপদ রাখা শীর্ষক আরেক বিতর্কে আবার উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। লেবার পার্টি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র এমপি সায়মন ডানস্যুক বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাজ্যের হস্তক্ষেপ করা কেন জরুরি, সে বিষয়ে যুক্তি তুলে ধরেন। তিনি বিএনপির কাউন্সিলে আমন্ত্রিত হয়ে ঢাকায় এসেছিলেন।
বাংলাদেশবিষয়ক বিতর্কে ক্ষমতাসীন কনজারভেটিভ-দলীয় এমপি নুসরাত গনির এক প্রশ্নের জবাবে হুগো সোয়ার বলেন, ৯ এপ্রিল ঢাকায় নাজিমুদ্দিন হত্যাকাণ্ড শুধু নয়, রাজশাহীতে শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বাংলাদেশের এসব ঘটনা বেশ আলোচিত হয়ে উঠছে মন্তব্য করে তিনি হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ সরকারের ব্যাখ্যায় যুক্তরাজ্যের দ্বিমতের কথা জানান।
এ বিষয়ে যুক্তরাজ্যের করণীয় সম্পর্কে জানতে চান লেবার-দলীয় এমপি ফেবিয়ান হ্যামিলটন। জবাবে হুগো সোয়ার মঙ্গলবার সকালে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, হত্যার শিকার ব্যক্তিদের একজন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর আত্মীয়। ফলে সরকার বিষয়গুলো বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।
ক্ষমতাসীন দলের এমপি রিচার্ড ফুলার বলেন, মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সরকার ব্যর্থ। দেশটিতে কার্যকর বিরোধী দল নেই। অন্যতম সাহায্য প্রদানকারী দেশ হিসেবে যুক্তরাজ্যের কি উচিত নয়, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং শাসনক্ষমতা যাতে এক দলের হাতে কুক্ষিগত না হয়, তা নিশ্চিতে হস্তক্ষেপের সময়সীমা নির্ধারণ করা?
অবরোধ আরোপের প্রসঙ্গটি সরাসরি এড়িয়ে গিয়ে প্রতিমন্ত্রী হুগো সোয়ার বলেন, ‘যুক্তরাজ্যের দেওয়া সাহায্যে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হয়। যুক্তরাজ্য বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশ। আপনাদের পরামর্শ আমি মাথায় রাখলাম।’
এদিকে সন্ধ্যাকালীন অধিবেশনে সায়মন ডানস্যুক বলেন, গত সপ্তাহে পার্লামেন্টে দেওয়া রানির ভাষণে সিরিয়া ও ইউক্রেনের পরিস্থিতির কথা উল্লেখ করা হলেও বাংলাদেশের পরিস্থিতির দিকেও সরকারের দৃষ্টিপাত দেওয়া উচিত।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে ডানস্যুক বলেন, ‘আমরা এখন রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শন, প্রতারণামূলক নির্বাচন, গুম, গণমাধ্যমের স্বাধীনতা হরণ, মানবাধিকার ভেঙে পড়া এবং ভয়ের সংস্কৃতি তৈরি হতে দেখছি।’