বাংলাদেশ তালগাছের মতো মাথা উঁচু করে দাঁড়াবেই: এমাজউদ্দীন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। আমাদের পাশে দুই বটগাছ চীন ও ভারত আছে। এ দুই বটগাছের মধ্য দিয়ে বাংলাদেশ তালগাছের মতো মাথা উঁচু করে দাঁড়াবেই। জাতীয় সংকটে শিক্ষক-ছাত্রসহ সব পেশাজীবীকে ঐক্যবদ্ধ হতে হবে।’গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের জাতীয় কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।এমাজউদ্দীন আহমদ বলেন, অন্য সব সংগঠনের মতো দলীয় লেজুড়বৃত্তি না করে, দলীয় স্লোগানকে মুখ্য জ্ঞান না করে নিজেদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি আদায় করুন।অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন বলেন, ‘শিক্ষার মেরুদণ্ড ভেঙে ফেলা হচ্ছে। শিক্ষাঙ্গনে ঢুকে পড়েছে সন্ত্রাস। ছাত্রদের হাতে যেন অস্ত্র উঠে না আসে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোরবান আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ইউসুফ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, কামরুল আহসান চৌধুরী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান প্রমুখ।