ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক রমন শ্রীবাস্তব বলেছেন, বাংলাদেশ থেকে ভারত সীমান্তে অনুপ্রবেশ এক রকম বন্ধ হয়েছে। বাংলাদেশ থেকে ফেরার পর গত শুক্রবার সন্ধ্যায় কলকাতার সল্টলেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত ২৫ সেপ্টেম্বর থেকে ঢাকায় পাঁচ দিনব্যাপী বিএসএফ-বিজিবির মহাপরিচালক পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে যোগ দেন রমন শ্রীবাস্তব।সংবাদ সম্মেলনে বিএসএফের গুলিতে বাংলাদেশিরা মারা যাচ্ছে এই প্রশ্নের জবাবে রমন শ্রীবাস্তব বলেন, আত্মরক্ষার জন্যই গুলি ছুড়তে হচ্ছে বিএসএফকে। সীমান্তে দুষ্কৃতকারীরা আক্রমণ চালালে গুলি চালানো ছাড়া উপায় থাকে না। তাই আত্মরক্ষা ছাড়া সীমান্তে গুলি চালানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ।বিএসএফের মহাপরিচালক আরও বলেন, ‘২০০৯ সালে বিএসএফের গুলিতে মারা গেছে ৫৫ জন বাংলাদেশি। ২০১০ সালে তা কমে দাঁড়ায় ৩২-এ। আর এ বছর এখন পর্যন্ত মারা গেছে সাতজন। আমরা এই সংখ্যাকে শূন্যে নিয়ে আনতে চাই।’