বাংলাদেশ থেকে আবার কর্মী নেবে ইরাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে আবার আনুষ্ঠানিকভাবে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক। গতকাল শনিবার দুই দেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইরাকের শ্রমমন্ত্রী নাসের আল রুবাইয়েত এবং বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। তবে কোন খাতে কত কর্মী যাবে কিংবা মোট কতজন কর্মী যাবে, সেসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি। প্রবাসীকল্যাণ ভবনে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে যৌথ সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইরাক সরকার বাংলাদেশ থেকে প্রায় ৩০ হাজার দক্ষ শ্রমিক নিতে চায়। খুব কম খরচে বাংলাদেশি কর্মীরা ইরাকে যাওয়ার সুযোগ পাবেন। একসময় বাংলাদেশের অন্যতম শ্রমবাজার ছিল ইরাক। কিন্তু ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সাত বছর পর ২০১০ সালের জানুয়ারিতে আবার আনুষ্ঠানিকভাবে ইরাকে বাংলাদেশের দূতাবাস চালু হয়। চলতি বছরের জানুয়ারিতে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পান জিয়াদুর রহমান। শুক্রবার তিনিই ইরাকের নয় সদস্যের একটি প্রতিনিধিদলকে বাংলাদেশে নিয়ে আসেন। এর আগে বাংলাদেশের প্রবাসীমন্ত্রীও ইরাক সফর করেছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর ইরাকের আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ডেটাবেইস, মিরপুর ও কোরিয়ান সেন্টারে কর্মী প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রম দেখবে। প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বিভিন্ন বিষয় দেখার পর প্রথম ধাপে এক হাজার কর্মী নেবে ইরাক।
সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স জিয়াদুর রহমান উপস্থিত ছিলেন। জানতে চাইলে জিয়াদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে কর্মী নেওয়ার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করল ইরাক। এর মধ্য দিয়ে শ্রমবাজারের নতুন একটি অধ্যায় শুরু হলো। আমরা আশা করছি, যুদ্ধবিধ্বস্ত ইরাকে বাংলাদেশ থেকে অনেক কর্মী যেতে পারবে।’