বাংলাদেশ থেকে আবার শ্রমিক নিতে পারে সৌদি আরব
বাংলাদেশ থেকে আবার শ্রমিক নিতে পারে সৌদি আরব। গত মঙ্গলবার সে দেশের আল-হায়াত পত্রিকার এক খবরে এ তথ্য জানানো হয়। সৌদি আরবের জনশক্তি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি আহমেদ আল-ফিহাইদের বরাত দিয়ে খবরে বলা হয়, আবার বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি করা হয়েছে। আহমেদ আল-ফিহাইদ বলেন, কমিটি বাংলাদেশি শ্রমিকদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, এসব বিষয় খতিয়ে দেখবে। এ ধরনের কোনো প্রমাণ না পাওয়া গেলে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।এর আগে গত সোমবার রিয়াদে সৌদি-বাংলাদেশ যৌথ কমিশন বৈঠক করে। এ সময় দুই দেশের প্রতিনিধিরা রাজনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা হয়। আলোচনাকালে বাংলাদেশে সৌদি নাগরিকদের রক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়, দেশে সৌদি নাগরিকদের জানমালের নিরাপত্তার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। গত বছরের মার্চে ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল-আলী আততায়ীদের হামলায় নিহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বৈঠকে সৌদি আরবের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শ্রম, স্বাস্থ্য, কৃষিসহ অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। দুই দেশের মধ্যে সম্পাদিত নিরাপত্তা চুক্তি আবারও সক্রিয়করণ, নিরাপত্তা তথ্য আদান-প্রদান ও সৌদি আরবে অতিরিক্ত সময় ধরে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে এই বৈঠক ডাকা হয়। বৈঠকের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (এসএবিআইসি) বাংলাদেশে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। বাংলাদেশি বিনিয়োগকারীদের সৌদি আরবে বিনিয়োগের সুযোগ দেওয়ার আহ্বান জানান বাংলাদেশের প্রতিনিধিরা। সৌদি গেজেট।