বাংলাদেশ থেকে আম নিতে চায় রাশিয়া
রাশিয়া থেকে ডিএপি (ডাই–অ্যামোনিয়াম ফসফেট) ও পটাশিয়াম সার আনতে চায় বাংলাদেশ। আর বাংলাদেশ থেকে আম নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। রাশিয়া থেকে সার আনতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ।
আজ বুধবার কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি দেখা করেন। সাক্ষাৎকালে দুই পক্ষ এ আগ্রহের কথা জানিয়েছে।
রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে কৃষিমন্ত্রী বলেন, দেশে কৃষকদের ডিএপি সার ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে। বর্তমান সরকার চার দফা সারের দাম কমিয়েছে। ডিএপির দাম ৯০ টাকা থেকে কমিয়ে কেজিপ্রতি ১৬ টাকা করেছে। তিনি বলেন, ‘ফলে ডিএপি সারের ব্যবহার দিন দিন বাড়ছে। আমরা রাশিয়া থেকে ডিএপি ও পটাশিয়াম আমদানি করতে চাই এবং এ ব্যাপারে একটি “সমঝোতা স্মারক” (এমওইউ) স্বাক্ষর করতে চাই।’
আলেক্সান্ডার ভি মান্টিটস্কি বলেন, বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু ও উন্নত মানের। রাশিয়াতে এ আম রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। আম নিতে রাশিয়ার আগ্রহ রয়েছে।
বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা সমাধানেও রাশিয়া প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানান রাশিয়ার রাষ্ট্রদূত।
২০১৩ সাল থেকে জিটুজি ভিত্তিতে রাশিয়া থেকে বাংলাদেশ এমওপি সার আমদানি করছে। এ ব্যাপারে দুই দেশের মধ্যে একটি চুক্তির হয়েছে।
কৃষিমন্ত্রী বাংলাদেশ থেকে রাশিয়াকে আলু আমদানির বিষয়টি পুনরায় বিবেচনার অনুরোধ জানান। তিনি বলেন, দেশে এখন অনেক উন্নত মানের আলু উৎপাদিত হচ্ছে। আলুকে ব্যাকটেরিয়ামুক্ত ও নিরাপদ করতে বাংলাদেশ সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। রাশিয়া পুনরায় আলু আমদানি করতে পারে।
আলুতে ব্রাউনরট রোগের উপস্থিতি শনাক্ত হওয়ায় ২০১৪ সাল থেকে বাংলাদেশ থেকে আলু রপ্তানিতে রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি আলু আমদানির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
কৃষিমন্ত্রী আরও বলেন, রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। স্বাধীনতাসংগ্রামের শুরু থেকেই রাশিয়ার সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ক অটুট থাকবে। ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।
কৃষিমন্ত্রী ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান অমিতাভ সরকার, সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) এ কে এম মুনিরুল হক, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শরীফা আহমেদ, ঢাকায় রাশিয়ান দূতাবাসের অ্যাটাচে খানুভা আমাতুলা।