বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী মালদ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। তবে অবৈধ পন্থায় কর্মী যাওয়া বন্ধ করে বৈধভাবে কর্মী নিতে চায় দেশটি।

ঢাকায় আজ বুধবার মালদ্বীপের সাত সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নেতাদের বৈঠক হয়। ওই বৈঠক শেষে এ কথা জানান বায়রার জ্যেষ্ঠ সহসভাপতি আলী হায়দার চৌধুরী।

বিকেলে রাজধানীর নিউ ইস্কাটনে বায়রা কার্যালয়ে ‘নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জনশক্তি রপ্তানিকারকদের ভূমিকা ও প্রতারণামুক্ত নিয়োগ প্রক্রিয়া’ শীর্ষক এই মতবিনিময় সভা হয়।

মালদ্বীপের সাত সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আথাউল্লাহ আহমেদ রাশেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রাশেদ, অভিবাসন কর্মকর্তা হাসান খলিল, শ্রম-সম্পর্কিত কর্তৃপক্ষের তদন্ত কর্মকর্তা মারিয়াম রাফিজা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক হুসাইন মানিউ, মালদ্বীপের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রকল্প কর্মকর্তা আলিয়া হিরজি ও স্থানীয় আইওএম বিশেষজ্ঞ আসনা লতফি।

বায়রার পক্ষে সংগঠনের সভাপতি আবুল বাশার, মহাসচিব মনসুর আহমেদ কালামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আলী হায়দার চৌধুরী সাংবাদিকদের বলেন, মালদ্বীপে আরও নতুন নতুন এবং বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কিন্তু মালদ্বীপে এখন অনেক বাংলাদেশি আছে যারা বৈধভাবে যাননি। তাই বাংলাদেশ থেকে কীভাবে কর্মী নেওয়া হবে এবং তাঁদের প্রশিক্ষণ বিষয়ে জানতে এসেছে প্রতিনিধিদলটি।