বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় মালদ্বীপ
বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ৷ অবৈধ পন্থায় কর্মী যাওয়া বন্ধ করে বৈধভাবে কর্মী নিতে চায় দেশটি৷
ঢাকায় গতকাল বুধবার মালদ্বীপের সাত সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) বৈঠক শেষে প্রথম আলোকে এই তথ্য জানান বায়রার জ্যেষ্ঠ সহসভাপতি আলী হায়দার চৌধুরী৷
গতকাল বিকেলে রাজধানীর নিউ ইস্কাটনে বায়রা কার্যালয়ে ‘নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জনশক্তি রপ্তানিকারকদের ভূমিকা ও প্রতারণামুক্ত নিয়োগ প্রক্রিয়া’ শীর্ষক মতবিনিময় সভা হয়৷
মালদ্বীপের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আথাউল্লাহ আহমেদ রাশেদ৷ বায়রার পক্ষে সংগঠনের সভাপতি আবুল বাশার, মহাসচিব মনসুর আহমেদ কালামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন৷
বৈঠক শেষে আলী হায়দার চৌধুরী সাংবাদিকদের বলেন, মালদ্বীপে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে৷ কিন্তু মালদ্বীপে এখন অনেক বাংলাদেশি আছেন, যাঁরা বৈধভাবে যাননি৷ তাই বাংলাদেশ থেকে কীভাবে কর্মী নেওয়া হবে, তাঁদের প্রশিক্ষণ ও স্বাস্থ্যব্যবস্থা কী আছে, সেগুলো জানতে এসেছে প্রতিনিধিদলটি৷