বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় জর্ডান
বাংলাদেশ থেকে তৈরি পোশাক খাত ও গৃহকর্মী হিসেবে আরও বেশি কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে জর্ডান। জর্ডান সফররত বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে বৈঠকে সে দেশের শ্রমমন্ত্রী আলী আল গাজায়ি এই আশ্বাস দেন।
গতকাল বুধবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পাঁচ দিনের সরকারি সফরে ৫ আগস্ট জর্ডান সফরে যান মন্ত্রী নুরুল ইসলাম। ৮ আগস্ট তিনি জর্ডানে শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বর্তমানে তিনি লেবাননে সফর করছেন।
জর্ডানের শ্রমমন্ত্রী আলী আল গাজায়ির সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও গৃহকর্মী খাতে বিপুলসংখ্যক নারী ও পুরুষের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় সে দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান নুরুল ইসলাম। তিনি বাংলাদেশী কর্মীদের বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিরও আহ্বান জানান।
বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।