বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে লিবিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, লিবিয়া বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ কৃষি ও নির্মাণ খাতে প্রচুর কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।লিবিয়া সফর শেষে গতকাল শনিবার ঢাকায় ফিরে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।মোশাররফ হোসেন বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে লিবিয়া সরকার সে দেশে পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করবে। সেখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্রশিক্ষক নিয়োগ করা হবে। এ ব্যাপারে লিবিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লিবিয়ার শ্রমমন্ত্রী ও বাংলাদেশের শ্রমমন্ত্রী উপস্থিত ছিলেন। এ ছাড়া লিবিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের শর্ত শিথিল করেছে। এতে কর্মী নিয়োগ পদ্ধতি আরও সহজ হলো।মন্ত্রী বলেন, কর্মী নিয়োগের ক্ষেত্রে লিবিয়া সরকার এখন থেকে চাহিদাপত্র পাঠাবে। এর ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তিনি বলেন, ইতিমধ্যেই ৩০ হাজার কর্মী লিবিয়ায় গেছে এবং আরও প্রায় ১০ হাজার কর্মী যাওয়ার অপেক্ষায় রয়েছে।খন্দকার মোশাররফ হোসেন লিবিয়ার শ্রমবাজার সম্প্রসারণ ও এ সংক্রান্ত অন্যান্য সমস্যা নিরসনে ১১ জানুয়ারি সরকারি সফরে নয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে লিবিয়া গিয়েছিলেন।