বাংলাদেশ থেকে আরও জনশক্তি আমদানি করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে অধিক হারে জনশক্তি আমদানির জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকেরা অনেক বেশি পরিশ্রমী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সফররত ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফানিয়া ক্রাক্সি গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তাঁর সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় দেন না। তবে কোনো দেশের সরকারের একার পক্ষে সন্ত্রাস বন্ধ করা সম্ভব নয়, এ জন্য যৌথ প্রয়াসের প্রয়োজন।সফররত ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, খাদ্যনিরাপত্তার ব্যাপারে রোমে অনুষ্ঠিত খাদ্য সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকা আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। তিনি জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ইতালিতে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের প্রশংসা করে তিনি বলেন, তাঁরা সৎ, পরিশ্রমী ও সদাচারী।খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ: সফররত ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফানিয়া ক্রাক্সি বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে গতকাল সন্ধ্যা ছয়টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুজনের মধ্যে বৈঠক প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।