প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগ এবং নিয়োগনীতি উদার করতে কুয়েত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী আহম্মেদ ইব্রাহীম আল দুফাইরি গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী ড্রেজার ক্রয় এবং কর্ণফুলী নদীগর্ভে টানেল ও ঢাকায় ফ্লাইওভার নির্মাণে কুয়েতের আর্থিক সহায়তা প্রত্যাশা করেন।প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শ্রমিকদের পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার কথা বিবেচনা করে শ্রমিক নিয়োগের ব্যাপারে উদারনীতি গ্রহণ করার জন্য কুয়েতের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, কুয়েত বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ, মেলামাইন, সিরামিক, চামড়াজাত দ্রব্য, অটোমোবাইল এবং ফার্নিচার আমদানি করতে পারে। তিনি অবকাঠামো, বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, খাদ্য প্রক্রিয়াজাত, ওষুধ শিল্প, পর্যটন, পরিবহন ও যোগাযোগ খাতে বিনিয়োগ করার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে কুয়েতের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সব সময় কুয়েতের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে। দুই দেশের মধ্যে বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর ২০০০ ও ২০১০ সালে কুয়েত সফরের কথা উল্লেখ করে বলেন, ‘অচিরেই কুয়েতের আমীর বাংলাদেশ সফর করবেন বলে আমরা আশা করছি।’কুয়েতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, কুয়েত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে।