বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেশি হারে জনশক্তি নেওয়ার জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘কানাডা ইচ্ছা করলে তাদের প্রয়োজনীয় খাতে আমাদের লোকজনকে প্রশিক্ষণ দিয়ে নিতে পারে।’ গতকাল সোমবার সকালে কানাডার সাসকাচওয়ান প্রদেশের প্রধান ব্রাডওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে তাঁরা শিক্ষা, জনশক্তি, ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আমরা পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।’ একটি অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দেওয়ার জন্য তিনি কানাডাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি সমপ্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, নির্বাচন অত্যন্ত অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।শেখ হাসিনা বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি, বস্ত্র, পোশাকশিল্প, খাদ্য-প্রক্রিয়া ও প্যাকেজিং শিল্পে কানাডা সরকার এবং সে দেশের বেসরকারি খাতের বিনিয়োগ প্রত্যাশা করে বলেন, বাংলাদেশে বিনিয়োগের সম্পূর্ণ অনুকূল পরিবেশ রয়েছে।ব্রাডওয়াল বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।ব্রাডওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, বিশ্ব উষ্ণায়নের কারণে সৃষ্ট জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তাঁর ভূমিকা সব মহলে দারুণভাবে প্রশংসিত হয়েছে।এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মুখ্য সচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইয়াকুব আলী উপস্থিত ছিলেন। ব্রাডওয়ালের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল।