বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়া হবে: সৌদি স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি মজলিশে শুরার স্পিকার আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল-শেখ বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে তাঁর দেশে আরও বেশি জনশক্তি নেওয়া হবে। গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।সৌদি স্পিকার বলেন, তাঁর দেশে বর্তমানে প্রায় ২৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে সেখানে কাজ করছেন। তাঁর দেশের সরকার বাংলাদেশ থেকে আরও অধিক জনশক্তি নিয়োগ দেবে।ইব্রাহিম আল-শেখ বলেন, ‘এ দেশ থেকে আরও জনশক্তি নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সংসদীয় গ্রুপের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে।’স্পিকার বলেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ সব ধরনের সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী। তিনি বাংলাদেশের অর্থনৈতিক খাতের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ দেশের জনগণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হবে। স্পিকার রাষ্ট্রপতিকে সৌদি বাদশাহর শুভেচ্ছা জানিয়ে বলেন, বাদশাহ তাঁকে সুযোগমতো সে দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।