বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফররত মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট আনাক জায়েম জানিয়েছেন, তাঁর সরকার বনায়ন খাত ছাড়াও সরকারি উদ্যোগের আওতায় অবকাঠামো, সেবা ও উৎপাদন খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ করবে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। খবর বাসসের।
মালয়েশিয়া বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ এবং সে দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বৈধতার ঘোষণা দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
মালয়েশিয়ার মন্ত্রীর সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী দুই সাংবাদিককে জানান, বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়।
শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের শ্রমিকেরা কঠোর পরিশ্রমী, বিশ্বস্ত ও কর্তব্যনিষ্ঠ হওয়ায় উভয় দেশের অর্থনীতির জন্য তা কল্যাণকর হয়েছে। এই শ্রমিকেরা দুটি দেশেরই অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছেন।
মালয়েশিয়া বাংলাদেশের ভালো বন্ধু উল্লেখ করে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে শেখ হাসিনার মালয়েশিয়া সফর নিয়েও আলোচনা হয়। দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনা নভেম্বরের প্রথম সপ্তাহে কুয়ালালামপুর সফরে যাওয়ার কথা।