বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নেবে জাতিসংঘ
সম্প্রতি পদাতিক বাহিনীর সাড়ে আট শ সদস্যের একটি সমন্বিত শান্তিরক্ষী দল পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনকে চিঠি দিয়েছে জাতিসংঘ সদর দপ্তরের ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন। দক্ষিণ সুদানের উয়াও অঞ্চলে অনতিবিলম্বে শান্তিরক্ষী মোতায়েনের জন্য দেওয়া এই প্রস্তাবের বিষয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত অক্টোবর মাসেও বাংলাদেশ ২৬০ সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি সাউথ সুদানে প্রেরণের জন্য জাতিসংঘ থেকে আরেকটি প্রস্তাব পেয়েছে। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পদাতিক ব্যাটালিয়ন ও ইঞ্জিনিয়ারিং কোম্পানি দ্রুত সময়ের মধ্যে মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ১৩টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮৫০ জন শান্তিরক্ষী কাজ করছেন, যার মধ্যে ১৯৮ জন নারী সদস্য রয়েছেন। তা ছাড়া এ পর্যন্ত বাংলাদেশ সামরিক বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রায় ১ লাখ ৪৬ হাজার ১৪৩ জন সদস্য ৪০টি দেশের ৫৪টি শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে কাজ করে মিশন সম্পন্ন করেছেন।